শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক বিশেষ অভিযানে ইয়াবা ও বিপুল পরিমাণ গাঁজাসহ চিহ্নিত তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের পাঁচাউন গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক কারবারি রুবেল মিয়া ওরফে লেখন মিয়াকে (৪১) গ্রেপ্তার করে। এ সময় ডিবির উপস্থিতি টের পেয়ে তার বড় ভাই আব্দুল মতিন লেখন মিয়া পালিয়ে যায়। পরে রুবেল মিয়ার দেহ তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জানায়, পলাতক ভাইয়ের সহযোগিতায় বিক্রয়ের উদ্দেশ্যে সে এই ইয়াবা রেখেছিল।
ডিবির অপর এক অভিযানে গ্রেপ্তার হন আব্দুর রহমান ওরফে লেদন মিয়া (৫৩) ও মজনু মিয়া (৪২)। এ সময় আব্দুর রহমানের ঘরের বারান্দায় থাকা চৌকির নিচ থেকে ১ কেজি এবং মজনু মিয়ার হেফাজত থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, সিডিএমএস (CDMS) যাচাই করে দেখা গেছে—গ্রেপ্তারকৃত রুবেল মিয়ার বিরুদ্ধে পূর্বের ৪টি, পলাতক আসামি আব্দুল মতিনের বিরুদ্ধে ২টি এবং আব্দুর রহমানের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। তারা সবাই পেশাদার মাদক কারবারি।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় পৃথক দুটি মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
