শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া চা বাগান এলাকার একটি লেকে পানিতে ডুবে শ্রী অন্তর সাহা (২৬) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত অন্তর সাহার পিতা দীলিপ সাহা (কালু)। তাদের বাড়ি উপজেলার শাহজীবাজারের দক্ষিণ উত্তরসূর এলাকায়।
সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায়, ঘটনাস্থলের পাশে শংকর টিলায় অবস্থিত একটি মন্দিরে পরিদর্শনে গিয়েছিলেন অন্তর। পরে পাশের লেকে গোসল করতে নামলে তিনি আর ফিরে আসতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, বাগানের এক পাহারাদার বিষয়টি বাগান কর্তৃপক্ষকে অবহিত করলে বাগান কর্তৃপক্ষ শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। ডুবুরিদের সহায়তায় সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয় এবং পরে শ্রীমঙ্গল থানায় নিয়ে আসা হয়।
এদিকে পূর্বে টমটম গাড়ির ব্যাটারি নিয়ে যে সন্দেহের কথা উঠেছিল, পরবর্তীতে জানা গেছে গাড়ির ব্যাটারি সম্পূর্ণ অক্ষত রয়েছে। টমটম গাড়িটিও উদ্ধার করা হয়েছে।
উদ্ধার অভিযানে থাকা কর্মকর্তা এসআই দীপঙ্করের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ সম্ভব হয়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
