শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশ-এর পৃথক অভিযানে ২২৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে পৃথক অভিযানে আরও এক চোর ও এক ছিনতাইকারীকে আটক করা হয়। সব মিলিয়ে মোট ৮ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,রেঞ্জ ডিআইজি, সিলেট এবং পুলিশ সুপার, মৌলভীবাজারের নির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশ মাদক উদ্ধার, চুরি ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় সাব-ইন্সপেক্টর মোঃ ইমানুর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ মে ২০২৬) রাত সাড়ে ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৪ নং সিন্দুরখান ইউনিয়নের দক্ষিণ টুক এলাকায় মনসুর আহমেদের বাড়িতে অভিযান চালায়।
অভিযানে ৬ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মনসুর আহমেদ (৪০), ইসলাম মিয়া (৩৫), তমার দাস (৪০), ইয়াকুব আলী (৩৫), আশরাফুল হোসেন (৩২) ও মনির হোসেন (৫০)। তারা সবাই শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এ সময় তাদের হেফাজত থেকে ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬৭ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ২ লাখ ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত আলামত যথাযথ জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এদিকে থানার পৃথক অভিযানে চুরি মামলার আসামি মোঃ ইমন হোসেন (২৫) এবং ছিনতাইকারী মামুন মিয়া (৩৫)-কে গ্রেফতার করা হয়। পরে সকল আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি এস কে জহিরুল ইসলাম মুন্না।
