শ্রীমঙ্গল প্রতিনিধি: শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী ও উৎসাহিত করতে শ্রীমঙ্গলে আয়োজিত ‘শ্রীমঙ্গল বই পড়া উৎসব ২০২৬’-এর বই পড়ায় উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও মনাই উল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মজিবুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক মো. জিয়াউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবুর রহমান চৌধুরী বলেন, বই মানুষের মনন ও মানসিকতা গড়ে তোলে। তাই শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, বিজ্ঞান, ইতিহাস ও ভ্রমণসহ বিভিন্ন ধরনের বই পড়ার সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করা গেলে তারা সুস্থ, সুন্দর ও ইতিবাচক মনন নিয়ে বেড়ে উঠবে।
শিক্ষার্থীদের বই পড়ায় আরও উৎসাহিত করতে তিনি শ্রীমঙ্গল বই পড়া উৎসব ২০২৬-এর আটটি শ্রেণির সেরা পাঠকের জন্য ব্যক্তিগত পক্ষ থেকে আটটি ল্যাপটপ উপহার দেওয়ার ঘোষণা দেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শ্রীমঙ্গল পৌরসভার প্রশাসক মো. জিয়াউর রহমান বলেন, বই পড়াকে কেন্দ্র করে গড়ে ওঠা এই পাঠ-আন্দোলন কোমলমতি শিক্ষার্থীদের বইয়ের মাধ্যমে বিশাল পৃথিবীর সঙ্গে পরিচিত করে তুলবে। একটি বই হয়তো একজন মানুষকে একদিনে পুরোপুরি বদলে দেবে না, কিন্তু বই পড়ার অভ্যাস তার ভবিষ্যৎ জীবনের জন্য অমূল্য পাথেয় হয়ে উঠবে। আজকের এই পাঠাভ্যাস আগামী দিনে তাদের চিন্তা, মেধা ও মননকে আরও সমৃদ্ধ করবে।
৩৮ শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়
উপজেলা প্রশাসনের আয়োজনে তিন পর্বে অনুষ্ঠিত হচ্ছে ‘শ্রীমঙ্গল বই পড়া উৎসব ২০২৬’। ইতোমধ্যে প্রথম পর্ব ‘মুকুল’ সম্পন্ন হয়েছে। এ পর্বে শ্রীমঙ্গলের ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্য থেকে ১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী দ্বিতীয় পর্ব ‘ফুল’-এর জন্য নির্বাচিত হয়েছে।
‘ফুল’ পর্বে নির্বাচিত শিক্ষার্থীরা নতুন করে আরও ১৪টি বই পড়ছে। এসব বইয়ের ওপর আগামী ২ ও ৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে মূল্যায়ন অনুষ্ঠিত হবে। মূল্যায়নের মাধ্যমে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি শ্রেণি থেকে সেরা তিনজন শিক্ষার্থী নির্বাচিত হয়ে উপজেলা পর্যায়ে উৎসবের চূড়ান্ত পর্ব ‘ফল’-এ অংশ নেবে।
বইয়ের চাহিদা বেড়েছে লাইব্রেরিগুলোতে
শ্রীমঙ্গল বই পড়া উৎসবকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সাধারণ বইপ্রেমীদের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে।
শ্রীমঙ্গলের বিভিন্ন লাইব্রেরি ঘুরে দেখা গেছে, উৎসবের জন্য নির্ধারিত বইগুলোর চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কয়েকটি লাইব্রেরি দুই-তিনবার করে বই সংগ্রহ করেও চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মজুত রাখতে পারছে না। পাঠকদের চাহিদা পূরণে তারা নতুন করে বই সংগ্রহ ও সরবরাহের উদ্যোগ নিচ্ছেন।
আয়োজকদের মতে, বই সংগ্রহ ও পড়াকে ঘিরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের এমন আগ্রহ শ্রীমঙ্গলের পাঠ-সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গলের আয়োজনে অনুষ্ঠিত এ বই পড়া উৎসবের সমন্বয় সহযোগী হিসেবে রয়েছে শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব এবং পাঠ সহযোগী হিসেবে রয়েছে উত্তরণ পাঠাগার।
‘বই পড়ি, মন গড়ি—বইয়ের পাতায় গড়ে উঠুক জ্ঞানমনস্ক ও আলোকিত আগামীর প্রজন্ম।’
