চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: স্বাধীনতার পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়নের ১ ও ৪ নম্বর ওয়ার্ডবাসীর ভাগ্যে জোটেনি খোয়াই নদীর ওপর একটি স্থায়ী সেতু। ‘সাজ্জার গুদারা’ ঘাটে ব্রিজ না থাকায় বছরের পর বছর চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ ও শিক্ষার্থী।
স্থানীয়দের অভিযোগ, প্রতিটি নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও নির্বাচন শেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো উদ্যোগ দেখা যায় না। ফলে স্বাধীনতার পর থেকে আশ্বাসই তাদের একমাত্র প্রাপ্তি।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন ১ ও ৪ নম্বর ওয়ার্ডের মানুষকে নিত্যপ্রয়োজনে খোয়াই নদী পার হতে হয়। বর্ষা মৌসুমে নদীর পানি ও স্রোত বেড়ে গেলে ছোট ডিঙ্গি নৌকায় পারাপার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ নদী পারাপার করছেন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, “নির্বাচনের সময় শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু বাস্তবে কোনো কাজ হয় না। বর্ষাকালে ছোট নৌকায় নদী পার হতে গিয়ে আমরা প্রতিনিয়ত আতঙ্কে থাকি। আমাদের এই দুর্ভোগ যেন দেখার কেউ নেই।”
এলাকাবাসীর দাবি, আর কোনো আশ্বাস নয়, দ্রুত খোয়াই নদীর সাজ্জার গুদারা ঘাটে একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।
এ বিষয়ে গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, “অচিরেই এখানে একটি সেতু নির্মাণ করা হবে।”
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
