ঢাকা প্রতিনিধি : হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় ব্যর্থতা ও মৃত্যুর ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন।
মামলায় ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ড. ইউনূসের তৎকালীন বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফরকে আসামি করা হয়েছে।
মামলার আবেদনে অভিযোগ করা হয়, হাম-রুবেলার টিকা সংকট এবং চিকিৎসা ব্যবস্থাপনায় অবহেলার কারণে দেশে ব্যাপকভাবে হাম ছড়িয়ে পড়ে এবং বহু শিশুর মৃত্যু ঘটে। অভিযোগে বলা হয়েছে, টিকা আমদানিতে জটিলতা সৃষ্টি হওয়া এবং সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার ফলে পরিস্থিতির অবনতি ঘটে।
মামলার বাদী শেখ মুজিবুর রহমান ইকবাল সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের অবহেলা এবং টিকা ক্রয় প্রক্রিয়ায় জটিলতার কারণে বিদেশি ভ্যাকসিন আমদানি ব্যাহত হয়। পরবর্তীতে টেন্ডার প্রক্রিয়াতেও জটিলতা সৃষ্টি হওয়ায় টিকা সংকট দেখা দেয় এবং হাম সারা দেশে ছড়িয়ে পড়ে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে গত ২০ মে হামের টিকা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানান, টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে অন্তত ১০ বার সতর্ক করা হয়েছিল এবং এ বিষয়ে পাঁচটি চিঠিও দেওয়া হয়। তিনি বলেন, অর্থের অভাব নয়, বরং ক্রয়সংক্রান্ত জটিলতার কারণেই টিকা সংকট তৈরি হয়েছিল।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারা দেশে ৬২০ জনের মৃত্যুর তথ্য বিভিন্ন সূত্রে উঠে এসেছে।
তবে মামলায় উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে আদালতের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি এবং অভিযুক্তদের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়না।
