“বদলি অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বহাল নির্বাহী প্রকৌশলী; তদন্তের দাবি স্থানীয়দের”
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট বিভাগের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পে প্রায় ২ হাজার ৫৩ কোটি টাকার মেগা প্রকল্প বাস্তবায়নকে ঘিরে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, ভুয়া বিল উত্তোলন, সরকারি মালামাল আত্মসাৎ ও লুটপাটের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল কাদিরকে বদলি করা হলেও প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক জিয়া এখনো দায়িত্বে বহাল থাকায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র, ভুক্তভোগী ঠিকাদার ও অভিযোগকারীদের দাবি, ছাতক, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দোয়ারাবাজার, বিশ্বনাথ, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ বিভিন্ন এলাকায় প্রকল্প বাস্তবায়নের নামে কোটি কোটি টাকার অনিয়ম সংঘটিত হয়েছে। অভিযোগ রয়েছে, পুরাতন বিদ্যুৎ লাইন সংস্কার, নতুন ট্রান্সফরমার স্থাপন এবং অবকাঠামো উন্নয়নের নামে কাগজে-কলমে কাজ দেখিয়ে বিপুল অঙ্কের বিল উত্তোলন করা হলেও বাস্তবে অনেক কাজের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না।
অভিযোগকারীরা জানান, সরকারি প্রকল্পে ব্যবহৃত তামার কেবল, বৈদ্যুতিক খুঁটি, ক্রস-আর্ম, রেকসহ বিভিন্ন মূল্যবান সরঞ্জাম আত্মসাতের ঘটনাও ঘটেছে। সিলেট-সুনামগঞ্জ, সিলেট-জগন্নাথপুর ও সিলেট-বিশ্বনাথ সড়কের বিভিন্ন স্থানে এখনো হাজার হাজার বৈদ্যুতিক খুঁটি ও সরঞ্জাম খোলা আকাশের নিচে পড়ে থাকতে দেখা যাচ্ছে। এসব মালামাল একাধিকবার ক্রয়-বিক্রয় ও স্টোরে ফেরত দেখিয়ে ভুয়া বিল উত্তোলনের অভিযোগও তুলেছেন স্থানীয়রা।
এদিকে বিদ্যুৎ সংযোগ ও ট্রান্সফরমার স্থাপনের নামে গ্রাহকদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকা আদায়ের অভিযোগে একসময় একটি চাঁদাবাজি মামলাও দায়ের হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, মামলাটি পরবর্তীতে গোপন সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হয়, যা নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ছাতকে দীর্ঘ প্রায় নয় বছর ধরে একই প্রকল্পে দায়িত্ব পালনকালে নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক জিয়া একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন। বিভিন্ন টেন্ডারে পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া, বিল ছাড়ে অনিয়ম এবং কমিশন বাণিজ্যের মাধ্যমে প্রকল্পের বড় অংশ নিয়ন্ত্রণ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, প্রতিটি ওয়ার্ক অর্ডারের বিপরীতে ২৫ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত কমিশন আদায়ের ঘটনাও ঘটেছে।
প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিদ্যুৎ অবকাঠামো উন্নয়নের জন্য ২ হাজার ৫৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও বহু এলাকায় কাজ এখনো অসম্পূর্ণ রয়ে গেছে। বিশেষ করে সুনামগঞ্জের জগন্নাথপুর, ছাতক, গোবিন্দগঞ্জ ও রাউলী এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট-সুনামগঞ্জ সড়কের রাউলী এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ সাব-স্টেশনের কাজ অসম্পূর্ণ রেখেই ঠিকাদার চলে যান। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো স্থাপনাটির কাজ শেষ হয়নি। প্রকল্পে প্রায় ৩ হাজার ৬০০টি খুঁটি স্থাপনের কথা থাকলেও বাস্তবে এর বড় অংশ বিভিন্ন স্থানে পড়ে রয়েছে বলে অভিযোগ রয়েছে।
এছাড়া একই কাজের বিপরীতে একাধিকবার বিল উত্তোলন, আংশিক কাজ সম্পন্ন করেই পূর্ণাঙ্গ কাজ দেখানো এবং প্রকল্প ও বিভাগীয় অফিস—উভয় উৎস থেকে অর্থ ছাড়ের অভিযোগও সামনে এসেছে। এতে সরকারের কোটি কোটি টাকার অর্থ অপচয় ও আত্মসাতের আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
অভিযোগকারীরা আরও বলেন, নতুন বিদ্যুৎ সংযোগ ও ট্রান্সফরমার স্থাপনের ক্ষেত্রেও অনেক গ্রাহকের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করা হয়েছে। বিভিন্ন এলাকায় সংযোগ প্রদানের নামে একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রায় ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, প্রকল্পের শুরু থেকেই ব্যয় নির্ধারণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতার ঘাটতি ছিল। বাজারমূল্যের তুলনায় বেশি ব্যয় দেখানো, অসম্পূর্ণ কাজের বিপরীতে বিল উত্তোলন এবং সরকারি মালামালের যথাযথ হিসাব না থাকায় জনমনে সন্দেহ আরও বেড়েছে।
সূত্র জানায়, প্রকল্পে অনিয়ম, ভুয়া বিল এবং সরকারি মালামাল গায়েব হওয়ার অভিযোগে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারী সেবুল নামে এক ব্যক্তি এই অভিযোগগুলো দাখিল করেছে বলে প্রাথমিক পর্যায়ে জানা গেছে।
