স্টাফ রিপোর্টার: সততা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান এর গাড়িচালক অজয়। তার আন্তরিকতা এবং শ্রীমঙ্গল থানা পুলিশের তৎপরতায় অবশেষে হারানো একটি আইফোন ফিরে পেয়েছেন এর প্রকৃত মালিক।
জানা যায়, কয়েকদিন আগে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান এলাকায় একটি iPhone 15 Pro Max মোবাইল ফোন খুঁজে পান ইউএনও’র গাড়িচালক অজয়। পরবর্তীতে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তাঁর পরামর্শক্রমে মোবাইলটি শ্রীমঙ্গল থানায় জমা দেওয়া হয়।
এরপর শ্রীমঙ্গল থানা পুলিশ মোবাইলটির প্রকৃত মালিককে খুঁজে বের করতে কাজ শুরু করে। একপর্যায়ে মোবাইলের সিম কার্ডের নিবন্ধন তথ্যের সূত্র ধরে মালিককে শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। পরে যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার মোবাইল ফোনটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।
এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস কে জহিরুল ইসলাম মুন্না , মোবাইলটি খুঁজে পাওয়া গাড়িচালক অজয় এবং মোবাইলের প্রকৃত মালিক উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দেশের বাইরে থেকে বেড়াতে এসে অসাবধানতাবশত ভাড়াউড়া চা বাগান এলাকায় মোবাইল ফোনটি হারিয়ে ফেলেন ওই ব্যক্তি।
এদিকে অজয়ের সততা এবং শ্রীমঙ্গল থানা পুলিশের আন্তরিক ভূমিকায় স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়েছে।
বি.দ্র.: মোবাইল ফোনের মালিকের অনুরোধে তাঁর নাম ও ঠিকানা প্রকাশ করা হয়নি।
