ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় এক যুবককে অপহরণ করে আটকে রেখে নির্যাতন এবং পরে তার মাকে ডেকে এনে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তাকিপুর গ্রামে গত ২৭ মে রাতে এ ঘটনা ঘটে। আহত জাকারিয়া একই গ্রামের সেলিম উদ্দিনের ছেলে। পরিবারের দাবি, এক প্রবাসীর স্ত্রী দীর্ঘদিন ধরে জাকারিয়াকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে সাড়া না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জাকারিয়াকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক থেকে তুলে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে তার মা কুলসুম বেগমকে কৌশলে সেখানে ডেকে এনে মা-ছেলেকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ দেড় লাখ টাকা ও প্রায় ১২ আনা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
স্থানীয়রা আহত মা-ছেলেকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর আহত জাকারিয়ার বাবা সেলিম উদ্দিন ২৯ মে রাতে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে কয়েকজনকে আসামি করা হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
