এ. এম. সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার):
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে বজ্রপাতে ১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৩টি গরু ও একটি মহিষ রয়েছে।
বুধবার (৩ জুন) সকাল প্রায় ১১টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সময় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কুচাই জ্বালাই এলাকায় চা শ্রমিকদের মালিকানাধীন ১৩টি গরু মাঠে চরানোর সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে পাথরটিলা এলাকায় একটি মহিষও বজ্রপাতে মারা যায়।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে। খেটে খাওয়া চা শ্রমিক পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল এসব গবাদিপশু। আকস্মিক এ ক্ষতিতে তারা চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এদিকে ঘটনাটি জানার পর মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন মিঠু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন, তাদের দুর্দশা লাঘবে প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া ক্ষয়ক্ষতির বিপরীতে সরকারি সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
