শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: শ্রীমঙ্গলে মাননীয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে ঘিরে এখনো কোনো সরকারি চিঠি বা আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। তবে ফ্যামিলি কার্ড তৃতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলায় সফর করতে পারেন—এমন তথ্য বিভিন্ন মাধ্যমে জানা গেছে।
এদিকে দলীয় বিভিন্ন সূত্র জানিয়েছে, শ্রীমঙ্গলের মির্জাপুরে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান অথবা অন্য কোনো সরকারি কর্মসূচিকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রীকে শ্রীমঙ্গলে আনার বিষয়ে সংশ্লিষ্ট মহলে চেষ্টা চলছে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি এখনও চূড়ান্ত নয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহ এ বিষয়ে কাজ করছে। সম্ভাব্য সফরসূচিকে কেন্দ্র করে ইতোমধ্যে স্থানীয় প্রশাসন প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে।
সফরসূচি চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়। একই সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বা গুজব না ছড়ানোর জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করা হয়েছে।
এদিকে অনানুষ্ঠানিকভাবে জানা গেছে, হারমনি ফেস্টিভ্যাল আগামী ২০ থেকে ২২ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চূড়ান্ত তথ্য পাওয়া গেলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
উল্লেখ্য, হারমনি ফেস্টিভ্যাল এবং ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পূর্ণ আলাদা দুটি কর্মসূচি।#
