ফারুক মাহমুদ, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে: শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্কতা, গবেষণার আগ্রহ এবং উদ্ভাবনী চিন্তার বিকাশে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’।
শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্যোগ নেয় Educational Excellence Support (EESS)-SEDP এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক গবেষণা প্রদর্শন করে। মেলায় শিক্ষার্থীরা কার্বনভিত্তিক প্রযুক্তি, পাইজোইলেকট্রিক প্রযুক্তি, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম, প্লাস্টিক থেকে জ্বালানি উৎপাদন, বায়োগ্যাস প্ল্যান্টসহ নানা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে।
মেলায় আগত দর্শনার্থীরা শিক্ষার্থীদের প্রকল্প ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং তাদের সৃজনশীল প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের প্রতিটি উদ্ভাবনী চিন্তাই মূল্যবান। কোনো আইডিয়াই ছোট নয়। সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে একটি ক্ষুদ্র ধারণাও ভবিষ্যতে বড় আবিষ্কারে রূপ নিতে পারে। বিজ্ঞানচর্চা ও সৃজনশীল চিন্তার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ, উদ্ভাবনী ও আত্মনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার, ফজলুল হক তালুকদার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামুখী মানসিকতা এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বিজ্ঞানভিত্তিক ও আধুনিক সমাজ গঠনে ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করাই এ মেলার মূল লক্ষ্য।
