কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (SfELP) কর্মসূচির আওতায় স্বপ্নসারথিদের জন্য আয়বৃদ্ধিমূলক হাঁস-মুরগি পালন বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) আয়োজিত এ প্রশিক্ষণে মোট ২৯ জন স্বপ্নসারথি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি এবং হাঁস-মুরগি পালনকে লাভজনক ও টেকসই আয়ের উৎস হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা প্রদান।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কারিমা তাসনিম এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মৌলভীবাজার জেলা ব্যবস্থাপক দেলোয়ার হোসেন।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাঁস ও মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, খামার ব্যবস্থাপনা এবং ক্ষুদ্র খামারকে লাভজনক উদ্যোক্তা কার্যক্রমে রূপান্তরের বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
বক্তারা বলেন, সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে হাঁস-মুরগি পালন গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের আত্মকর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন মো. আব্দুল আউয়াল, অফিসার (SfELP)। সার্বিক সহযোগিতা করেন লুবনা চৌধুরী, সিও (SfELP), কমলগঞ্জ।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
