নড়াইল প্রতিনিধি: ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ভেঙে দেওয়ার হুমকির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (২০ জুন) সকাল ১১টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখাসহ বিভিন্ন সনাতনী সংগঠনের আয়োজনে নড়াইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারি ঘোষ (অন্ন)-এর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি অশোক কুন্ডু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার সাবেক সভাপতি অশোক কুমার কুন্ডু, বর্তমান সাধারণ সম্পাদক বিশ্বনাথ কুন্ডু, সনাতনী ফোরাম নড়াইল জেলা শাখার সভাপতি রাজিব বিশ্বাস এবং জেলা মতুয়া মিশনের সাধারণ সম্পাদক দেব মজুমদার।
এ সময় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, “যারা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, ধর্মগুরুর ছবিতে জুতা নিক্ষেপ করেছে এবং মন্দির ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”
