নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চায়ের স্টলে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত মো. সোহেল মিয়া (৪০), পেশায় একজন রাজমিস্ত্রি। তিনি উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের গোপালপুর (আলিশারকুল) গ্রামের মরহুম ফুল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে সিন্দুরখান- সড়কে অবস্থিত সোহেল মিয়ার চায়ের দোকানে পূর্ব বিরোধের জেরে একই এলাকার ইসমাইল মিয়া (৩২), মৃত ফজর আলীর ছেলে, অতর্কিত হামলা চালান। এ সময় পানি খাওয়ার একটি কাঁচের গ্লাস দিয়ে সোহেল মিয়ার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে দ্রুত শ্রীমঙ্গল ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মাথার উপরের অংশে পাঁচটি সেলাই দেন। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে যান। তবে কিছুক্ষণ পর বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে পুনরায় হাসপাতালে নেওয়া হয়।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, দ্বিতীয়বার হাসপাতালে আসার পর চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময়ই তিনি মারা যান। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে আসে।
ঘটনার পরপরই ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এসআই মামুনসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত ইসমাইল মিয়াকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
