সত্যজিৎ দাস, শ্রীমঙ্গল থেকে: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি চায়না এয়ারগান উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব এয়ারগান উদ্ধার করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি আভিযানিক দল রাজপাড়া এলাকার একটি বাঁশবাগানে অভিযান পরিচালনা করে। এ সময় ব্যাপক তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো পরিত্যক্ত অবস্থায় পাঁচটি চায়না এয়ারগান উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে আটক করা সম্ভব হয়নি।
র্যাব জানায়, উদ্ধার হওয়া এয়ারগানগুলোর মালিক বা সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগানগুলো সাধারণ ডায়েরি (জিডি) মূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯-এর তথ্যমতে, গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে ৪৮টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩৫ হাজার ৭৩০ গ্রাম বিস্ফোরক, ২২৪টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোলবোমা, ১১টি ককটেল, বিপুল পরিমাণ এয়ারগানের গুলি এবং ১৪৯টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। বাহিনীটির দাবি, এসব অভিযান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
