বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় যশোর-বেনাপোল মহাসড়ক থেকে ১ কেজি ১৫৮ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বারসহ সাহাব উদ্দীন সরদার (৪৪) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের গদখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাহাব উদ্দীন সরদার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়াছিন সরদারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির একটি টহলদল গদখালী বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে আসা সন্দেহভাজন সাহাব উদ্দীন সরদারকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে তার কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৫৮ গ্রাম। স্বর্ণের বার, চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসহ জব্দকৃত আলামতের মোট সিজার মূল্য ২ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৫০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাব উদ্দীন জানান, তিনি ঢাকার সায়েদাবাদ এলাকার একটি চোরাকারবারী চক্রের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছিলেন। পরে সেগুলো যশোর হয়ে বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া জব্দকৃত স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
