নিজস্ব প্রতিবেদক: সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখা পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার গ্রহণ শেষে ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখার সরকারি নথিপত্র ও হিসাব ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করেন। এ সময় তিনি হিসাব শাখার সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং হিসাব ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা আরও বৃদ্ধি করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান; শিক্ষা অফিসার ও সহকারী পুলিশ সুপার সাইফুল হকসহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।
