নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হানিফ এন্টারপ্রাইজের একটি বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) বিকেল প্রায় আড়াইটার দিকে উপজেলার সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাঈম(১৭) ও সৌরভ (১৭)। নাঈমের বাবা তাজুল ইসলাম, গ্রামের বাড়ি হবিগঞ্জের তেঘরিয়া। সৌরভের বাবা রমজান মিয়া, গ্রামের বাড়ি তেগুরিয়া। দুর্ঘটনায় আহত হয়েছেন সাব্বির (১৯)। তারা তিনজন একটি মোটরসাইকেলে ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ এন্টারপ্রাইজের বি-১৪-৯৯৩৮ নম্বরের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম ও সৌরভকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাবিদ বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই দুই যুবকের মৃত্যু হয়।
এ বিষয়ে সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, মৃতদেহ দুটি শ্রীমঙ্গল থানায় প্রেরণ করা হবে। দুর্ঘটনাকবলিত হানিফ এন্টারপ্রাইজের বাসটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
