শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বছরে এক লাখ গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশের পরিবেশ ও প্রকৃতিকে বাঁচাতে বেশি করে গাছ লাগাতে হবে। গাছ আমাদের জীবনরক্ষাকারী অক্সিজেন দেয়। তিনি সরকারি এই উদ্যোগ সফল করতে উপজেলাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী ও উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ অনেকে উপস্থিত ছিলেন।
