সালেহ আহমদ (স’লিপক): উৎসবমুখর পরিবেশ ও শিশুনন্দিত আবহে নানা বর্ণাঢ্য আয়োজনে শিশুদের জনপ্রিয় সাহিত্য পত্রিকা ‘কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে উন্মুক্ত ছড়া-কবিতা পাঠ ও ‘একুশ ছুঁয়ে কানামাছি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। দেশের বিশিষ্ট শিশুসাহিত্যিক ও কবিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রবীণ-নবীনদের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক রহীম শাহ, আনজীর লিটন, আহমেদ জসিম, চন্দনকৃষ্ণ পাল, রমজান মাহমুদ, জাকির হোসেন কামাল এবং ‘কানামাছি’র সম্পাদক ও প্রকাশক কবি মঈন মুরসালিন।
আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা ‘কানামাছি’ পত্রিকার দুই দশকের সাফল্যমণ্ডিত পথচলার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, শিশু-কিশোরদের মনন গঠন ও শুদ্ধ সাহিত্যচর্চায় পত্রিকাটির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আগামী দিনেও ‘কানামাছি’ নতুন প্রজন্মের মাঝে সুস্থ ধারার সাহিত্য ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
স্বাগত বক্তব্যে ‘কানামাছি’র সম্পাদক ও প্রকাশক কবি মঈন মুরসালিন বলেন,
”শিশুসাহিত্য হলো সেই জাদুকাঠি, যা ছোটদের কল্পনার জগৎ উন্মোচিত করে। আর ছোটদের পত্রিকা হলো সেই রঙিন জানালা, যা তাদের কৌতূহলকে নতুন দিগন্তে পৌঁছে দেয়। ‘কানামাছি’ বাংলাদেশের শিশু-কিশোর সাহিত্যে বিশেষ স্থান অর্জন করেছে। শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও নৈতিক বিকাশে এটি এক অনন্য পাঠশালা হিসেবে কাজ করছে, যা ভবিষ্যতের প্রজন্মকে মানবিক ও সচেতন করে তুলবে।”
অনুষ্ঠানে স্বরচিত লেখা পাঠ ও আলোচনায় অংশ নেন গোলাম নবী পান্না, তাহমিনা শিল্পী, মালেক মাহমুদ, শামীম হাসনাইন, নাফে নজরুল, পলি রহমান, আলমগীর খোরশেদ, সাগর আহমেদ, উম্মুল খায়ের, শিরিন শিলা, আনসার আলী, সালমা সুলতানা, রুখসানা বিলকিস, শামসুদ্দিন হীরা, তাসলিমা হাসান রুনু, জেসমিন দীপা, সুমন ভূঁইয়া, সৈয়দা কানিজ রাসুল, তাসরিবা তাহমিদ, শারমিন হক, মোহাম্মদ জুবায়ের, সাইদ খোকন নাজিরী, সাবিক মাতিউন ভূঁইয়া, সবুজ ইসলাম, সৈয়দ একরামুল হাসান, মাহমুদা সিদ্দিকা সুমি, মাহফুজা আক্তার মীরা, ফজলুল কাদের হৃদয়, সুলেখা আক্তার শান্তা, সাহেব বিপ্লব, রাশিদুল হাসান বাচ্চু, শামীম রহমান, মেহেদী হাসান হেলালসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি, সাহিত্যিক ও বাচিকশিল্পীরা।
