পাবনা প্রতিনিধি: পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও কার্তুজ উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, সাধারণ ডায়েরি নং–৭৩ (তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৬) এর আলোকে পুলিশ সুপার আনোয়ার জাহিদ-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজিনুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মো. রাশিদুল ইসলাম-এর নেতৃত্বে একটি চৌকস দল ঈশ্বরদী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযান
১০ ফেব্রুয়ারি সকালে ঈশ্বরদী থানাধীন পাকশী মেরিনপাড়া এলাকায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আওতাধীন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজ সংলগ্ন টিনের তৈরি একটি স্টোররুমে অভিযান চালিয়ে মো. শাহিন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি ঝালকাঠীর কাঠালিয়া উপজেলার চিংড়াখালী এলাকার বাসিন্দা, বর্তমানে পাকশী এলাকায় বসবাস করছিলেন।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি তৈরি সচল সেমি-অটোমেটিক সেলফ লোডেড রাইফেল (এসএলআর)সহ লোডেড ম্যাগাজিন ও ৭ রাউন্ড তাজা কার্তুজ, একটি বিদেশি .২২ বোর রাইফেলসহ ম্যাগাজিন ও কার্তুজ, একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক, একটি মোবাইল ফোন ও একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়।
শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন তার সহযোগী মো. হযরত প্রামানিক (৪৭), সাং দিয়ার বাঘইল, থানা ঈশ্বরদী, জেলা পাবনাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
দ্বিতীয় অভিযান
একই দিন ভোরে ঈশ্বরদী থানাধীন মানিকনগর পশ্চিমপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে মো. মমিনুর ইসলাম খোকন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাবুল আর্মির পরিত্যক্ত মিলের পশ্চিম পাশে একটি লোহার তৈরি পরিত্যক্ত পানির ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করা হয়—একটি বিদেশি সচল ৯ এমএম পিস্তলসহ লোডেড ম্যাগাজিন ও ৬ রাউন্ড তাজা কার্তুজ, একটি বিদেশি তৈরি সচল ৭.৬৫ এমএম পিস্তলসহ লোডেড ম্যাগাজিন ও ১০ রাউন্ড তাজা কার্তুজ, ৩১ রাউন্ড ১২ বোর তাজা কার্তুজ, একটি কালো ব্যাগ ও একটি বাটন মোবাইল ফোন।
আইনি ব্যবস্থা
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে The Arms Act, 1878 এর ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে ডিবি সূত্র জানিয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
