নড়াইল প্রতিনিধি: নড়াইলে তিন মাস বয়সী শিশু সাদিয়া নূর তাবাসুমকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মা আরিফা খাতুনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে আলুকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুনের সঙ্গে উপজেলার রামেশ্বরপুর গ্রামের কুয়েত প্রবাসী চান মানিক মোল্যার বিয়ে হয়। সন্তান জন্মের পর আরিফা স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। প্রায় এক মাস আগে তিনি শিশুকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন।
বৃহস্পতিবার সকালে শিশুটিকে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত শিশুর চাচা শামিম মোল্যা জানান, “বুধবার আমার ভাই কুয়েত থেকে ফোন দিয়ে জানায়, বৃহস্পতিবার শিশুকে বাড়িতে নেওয়া হবে। কিন্তু সকালে খবর পাই, আমার ভাতিজিকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে এসে তার গলার দুই পাশে দাগ দেখতে পাই।”
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
