পুলিশের দাবি, মাদক বেচাকেনার দ্বন্দ্বে হত্যাকাণ্ড; পরিবারের দাবি জমি নিয়ে পূর্ববিরোধ
নড়াইল প্রতিনিধি: নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে আরাফাত মোল্যা (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে নিজ বাড়ির পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আরাফাত মোল্যা দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদক, চুরি ও ডাকাতির অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, মাদক বেচাকেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে একই গ্রামের কবির হোসেন, জিসানসহ ৪–৫ জন আরাফাত মোল্যার ওপর হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
তবে নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের দাবি, মাদকসংক্রান্ত বিরোধ নয়; জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরেই প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তারা একই দাবি করে বিভিন্ন পোস্ট দিয়েছেন।
পুলিশের ভাষ্য ও পরিবারের দাবির মধ্যে ভিন্নতা থাকায় হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
