বেনাপোল প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশ ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এবং আশপাশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে বেনাপোল চেকপোস্ট ও সংলগ্ন সীমান্ত পয়েন্টগুলোতে টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী। এ লক্ষ্যে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সীমান্তের নিরাপত্তা বজায় রাখা এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
