বেনাপোল প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন, সন্ত্রাসবাদ ও যেকোনো ধরনের নৈরাজ্যের প্রতিবাদে যশোরের বেনাপোল স্থলবন্দরে বিক্ষোভ মিছিল করেছেন হ্যান্ডেলিং শ্রমিকরা।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৮৯১ ও ৯২৫)-এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বন্দর এলাকার বিপুলসংখ্যক হ্যান্ডেলিং শ্রমিক অংশ নেন।
মিছিলটি বেনাপোল স্থলবন্দরসংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এ বন্দরে কোনো নিষিদ্ধ সংগঠনের তৎপরতা, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা নৈরাজ্য সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে শ্রমিক সমাজ তা প্রতিহত করবে।
বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ৯২৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবার রহমান তবি ও সাধারণ সম্পাদক শহিদ আলী এবং ৮৯১ শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকছুদুর রহমান রেন্টু ও সাধারণ সম্পাদক লিটন হোসেন।
এ সময় দুই শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
