ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের পাগনা বড়বিল (বন্ধ) জলমহালে ইজারার চুক্তি ও সরকারি নীতিমালা লঙ্ঘন করে নিষিদ্ধ কোনা ও চায়না জাল দিয়ে মাছ আহরণের অভিযোগ উঠেছে ইজারাদার সোনারতরী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে। এ ঘটনায় একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, গত ২২ অক্টোবর থেকে প্রায় এক মাসে বিল থেকে ৩০ লাখ টাকারও বেশি মাছ আহরণ করা হয়েছে। তবে অভিযোগের পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মৎস্যজীবী ও কৃষকেরা।
এলাকাবাসী ও অভিযোগকারীদের দাবি, প্রতিদিন ভোরে, গভীর রাতে এবং দিনের বিভিন্ন সময়ে প্রকাশ্যে নিষিদ্ধ কোনা ও চায়না জাল ব্যবহার করে বিল থেকে বড় বড় মাছ ধরা হচ্ছে। এতে জলমহালের প্রাকৃতিক মৎস্যসম্পদ, জলজ জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে। পাশাপাশি বিলের পানি কমিয়ে ফেলা বা জলমহাল শুকিয়ে ফেলার আশঙ্কায় আসন্ন বোরো মৌসুমে আশপাশের শত শত কৃষকের চাষাবাদ ব্যাহত হওয়ার উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে গত ২৯ অক্টোবর সুনামগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা এলাকার হরিনগর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মিসবা উদ্দিন। পরে গত ১৮ নভেম্বর বুধবার বিকেলেও তিনি সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ ও আবেদন করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৪ নভেম্বর জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর মোহাম্মদ সোয়াদ সাভার চৌধুরী ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত আবেদন করা হয়, যার স্মারক নম্বর ২১৪৩।
অভিযোগ সূত্রে জানা যায়, পাগনা বড়বিল জলমহালটি ১৪৩৩ থেকে ১৪৩৫ বাংলা সন পর্যন্ত তিন বছরের জন্য সোনারতরী মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডকে ইজারা দেওয়া হয়েছে। সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা, ২০০৯ এবং ইজারার চুক্তির শর্ত অনুযায়ী প্রথম ও দ্বিতীয় বছর মাছ সংরক্ষণের বিধান রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কিন্তু অভিযোগকারীর দাবি, ইজারাদার প্রথম বছর অর্থাৎ ১৪৩৩ বাংলা সনেই চুক্তির শর্ত উপেক্ষা করে বিলের পানি কেটে ও পরিষ্কার করে নিষিদ্ধ চায়না জাল ব্যবহার করে বিপুল পরিমাণ মাছ আহরণ করেছেন। এতে প্রায় ৩০ লাখ টাকার মাছ আহরণ করা হয়েছে বলে তাঁর অভিযোগ।
অভিযোগে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতা ও ভাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান, ছাতক উপজেলা যুবলীগ নেতা আলী আসকর, বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের জাফরুল হক, জগঝাপ ইউনিয়ন ভূমি কর্মকর্তা সেলিম মিয়া, মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীর দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি প্রভাবশালী মহল ইজারাদারের সঙ্গে মিলে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে মাছ আহরণ করছে। এ ক্ষেত্রে আওয়ামী লীগ ও বিএনপির কিছু নেতাকর্মীর পারস্পরিক যোগসাজশ রয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগে আরও বলা হয়, গত ২২ অক্টোবর থেকে বিলটিতে ব্যাপকভাবে মাছ আহরণ শুরু হয়। এরপর প্রায় এক মাস ধরে প্রতিদিন ভোরে ও গভীর রাতে কোনা ও চায়না জাল ব্যবহার করে বড় আকারের মাছ ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এতে প্রজননক্ষম মাছসহ বিভিন্ন প্রজাতির মাছ নির্বিচারে আহরণের আশঙ্কা তৈরি হয়েছে। ফলে মাছের স্বাভাবিক বংশবিস্তার, প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর উপজেলা মৎস্য কর্মকর্তা পাগনা বড়বিল পরিদর্শন করেন। তবে তাঁর পরিদর্শন ও পরবর্তী কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অভিযোগকারী মিসবা উদ্দিন। তাঁর অভিযোগ, পরিদর্শনের পরও অবৈধ মাছ আহরণ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
পরবর্তী সময়ে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের নির্দেশে গত ১২ নভেম্বর জগঝাপ ইউনিয়ন ভূমি কর্মকর্তা সেলিম মিয়া সরেজমিনে তদন্তে যান। অভিযোগকারীর দাবি, তদন্তকালে ভূমি কর্মকর্তা বিলের পাড়ে কোনা ও চায়না জাল দিয়ে মাছ আহরণের আলামত দেখতে পান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের মাছ ধরা বন্ধ করতে বলেন। এ সময় তাঁদের মধ্যে কথাকাটাকাটিও হয়। ভূমি কর্মকর্তার বক্তব্যসংবলিত একটি ভিডিও তাঁর কাছে সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন মিসবা উদ্দিন।
তবে ভূমি কর্মকর্তা ঘটনাস্থল ত্যাগ করার পর আবারও মাছ আহরণ শুরু হয় বলে অভিযোগকারীর দাবি। গত ১৭ নভেম্বর সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে দাখিল করা তদন্ত প্রতিবেদন নিয়েও আপত্তি তুলেছেন তিনি। তাঁর অভিযোগ, প্রতিবেদনে সরেজমিনের প্রকৃত চিত্র এবং ইজারার শর্ত লঙ্ঘনের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরা হয়নি। এ ছাড়া ভূমি কর্মকর্তা সেলিম মিয়ার বিরুদ্ধে ইজারা-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগসাজশের অভিযোগও করেছেন তিনি। তদন্ত প্রতিবেদনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এর পুনঃতদন্ত দাবি করেছেন অভিযোগকারী।
এদিকে পাগনা বড়বিলের পানি ও মৎস্যসম্পদ নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগকারীর আশঙ্কা, অপরিকল্পিতভাবে মাছ আহরণ এবং বিলের পানি কমিয়ে ফেলা হলে আশপাশের কৃষিজমিতে বোরো ধানের চাষাবাদ ব্যাহত হতে পারে। জলাধারের স্বাভাবিক পানি ধারণক্ষমতা নষ্ট হলে সেচব্যবস্থা, জলজ প্রাণীর আবাসস্থল ও স্থানীয় পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব পড়তে পারে। এতে শত শত কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
মিসবা উদ্দিন বলেন, প্রকৃত মৎস্যজীবীদের জীবিকা এবং জলমহালের প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষার স্বার্থেই তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ, ইজারার শর্ত বাস্তবায়ন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
স্থানীয় মৎস্যজীবী ও কৃষকদের দাবি, শুধু তদন্তের মধ্যে বিষয়টি সীমাবদ্ধ না রেখে পাগনা বড়বিলের মৎস্যসম্পদ, জলজ জীববৈচিত্র্য, পানির স্বাভাবিক প্রবাহ এবং কৃষির স্বার্থ রক্ষায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে ইজারার শর্ত লঙ্ঘনের সত্যতা যাচাই এবং অবৈধ মাছ আহরণ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
