বেনাপোল প্রতিনিধি: ঢাকা-বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেসের নিয়মিত ট্রেন চলাচলও সাময়িকভাবে বাতিল করা হয়েছে। তবে বিকল্প পথে জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে।
বেনাপোল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোছা. পারভীনা খাতুন জানান, এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, গোপালগঞ্জ জেলার সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপদে ট্রেন চলাচলের বিষয়ে সুনির্দিষ্ট মতামত বা তথ্য না পাওয়ায় এবং রেলওয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে রেলভবন, ঢাকার অনুমোদনক্রমে বৃহস্পতিবার ঢাকা-বেনাপোল-ঢাকা রুটের ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেস এবং খুলনা-ঢাকা-খুলনা রুটের ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেসের চলাচল বাতিল করা হয়েছে।
যশোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, রূপসী বাংলা ও জাহানাবাদ—দুটি ট্রেনের নিয়মিত চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জাহানাবাদ এক্সপ্রেস বিকল্প রুটে চলাচল করবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বিকল্প রুটে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা পথে ২০০০৩/২০০০৪ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে। ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে। অন্যদিকে খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
বিকল্প রুটে ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর ও দর্শনা স্টেশনে যাত্রাবিরতি করবে। এ ছাড়া চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কামারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে হল্ট করবে।
বেনাপোল রেলওয়ে স্টেশনের অপর স্টেশন মাস্টার আয়নাল হক জানান, গত ১৯ নভেম্বর থেকে ঢাকা-বেনাপোল-ঢাকা রুটে রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল বন্ধ রয়েছে।
এদিকে ট্রেন চলাচল বাতিলের কারণে যেসব যাত্রী আগাম টিকিট সংগ্রহ করেছিলেন, তাঁদের টিকিটের মূল্য ফেরত দেওয়ার কার্যক্রম চালু রয়েছে।
