শ্রীমঙ্গল প্রতিনিধি: বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচন-২০২৬ সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে শ্রীমঙ্গলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর রিটার্নিং অফিসার মো. মামুনুর রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসন, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন-২০২৬-এর সার্বিক প্রস্তুতি, নির্বাচন পরিচালনা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনের গৃহীত উদ্যোগ সম্পর্কে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করা হয়।
