জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২ লাখ ২০ হাজার টাকা জব্দ এবং দুইজন অভিযুক্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
ডিবি পুলিশের সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর একটি দল জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে কানাইঘাট উপজেলার দলইমাঠি গ্রামের আলাউর রহমানের ছেলে মাহবুবুর রহমান (৩৬)-কে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৮ হাজার টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ পরে দরবস্ত ইউনিয়নের চাল্লাইন গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করে। সেখানে মুত সিরাজুল হকের ছেলে হেলাল আহমদ (৪৯)-কে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ২ হাজার টাকাও জব্দ করা হয়।
ডিবি পুলিশের দাবি, উদ্ধার করা ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্ত, উদ্ধারকৃত ইয়াবা এবং নগদ টাকা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, ডিবি পুলিশের লিখিত এজাহারের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
