শ্রীমঙ্গল (মৌলভীবাজার): হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস (বিরতিহীন) ও এসএমএস বাস সার্ভিস কর্তৃপক্ষের দ্বন্দ্বের কারণে শ্রীমঙ্গলে বিরতিহীন বাসের যাত্রাবিরতি বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও মিরপুরগামী সাধারণ যাত্রীরা। অবিলম্বে শ্রীমঙ্গল শহরে এই বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবিতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরে স্থানীয় সর্বস্তরের জনগণ ও ভুক্তভোগী যাত্রীদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
সংগীতশিল্পী মো. তারেক ইকবাল চৌধুরীর সঞ্চালনায় ও অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নীহার রঞ্জন দেবনাথের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন:
কমরেড সৈয়দ আমিরুজ্জামান (সম্পাদক, আরপি নিউজ)
মিতালী দত্ত (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান)
মো. কাওছার ইকবাল (সাধারণ সম্পাদক, সুজন, শ্রীমঙ্গল)
সৈয়দ ছায়েদ আহমদ (সাবেক কোষাধ্যক্ষ, শ্রীমঙ্গল প্রেসক্লাব)
সুলতান আহমদ ও মো. ওয়াহিদ হাসান (হবিগঞ্জ ঐক্য উন্নয়ন সংস্থা)
সমাবেশে বক্তারা বলেন, পরিবহন মালিকদের অভ্যন্তরীণ বিরোধের দায় সাধারণ যাত্রীদের ওপর চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রীমঙ্গল একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও বাণিজ্যিক শহর। প্রতিদিন বহু শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও পর্যটক এ পথ দিয়ে যাতায়াত করেন। স্টপেজ না থাকায় বাধ্য হয়ে নারী, শিশু ও বয়স্কদের একাধিক যানবাহন পরিবর্তন করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টদায়ক এবং ব্যয়বহুল।
মানববন্ধন থেকে প্রশাসনের কাছে ৩ দফা দাবি উত্থাপন করা হয়:
১. শ্রীমঙ্গল শহরে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের পূর্বের যাত্রাবিরতি অবিলম্বে পুনর্বহাল করা।
২. পরিবহন মালিকদের ব্যবসায়িক বিরোধের কারণে সাধারণ যাত্রীদের সুযোগ-সুবিধা বন্ধ না করা।
৩. শ্রীমঙ্গল-হবিগঞ্জ রুটে নিয়মিত, নিরাপদ ও যাত্রীবান্ধব বাস সেবা নিশ্চিত করা।
দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসন, বিআরটিএ এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলোর দ্রুত যৌথ হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
