আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুদিন পর মানিকজান বেওয়া (৯৮) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার শিববাড়ি বাজার-সংলগ্ন আত্রাই নদী থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মানিকজান উপজেলার চকবিষ্টপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে বাড়ির পাশে আত্রাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন মানিকজান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে উদ্ধার অভিযান চালালেও প্রথম দিন তাঁর কোনো সন্ধান পায়নি। অবশেষে নিখোঁজের প্রায় দুদিন পর আজ সকালে শিববাড়ি বাজার এলাকায় নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে লাশটি উদ্ধার করার পর স্বজনরা তা মানিকজান বেওয়ার বলে শনাক্ত করেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ নদী থেকে লাশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে পানিতে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
