সালেহ আহমদ (স’লিপক): বাংলাদেশ পোয়েটস ক্লাবের অন্যতম সদস্য, কবি ও সমাজকর্মী সুহেনা আক্তার প্রিন্সেস হেনাকে সাহিত্য ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার অহিদাবাদ চা-বাগানের বাংলোয় ‘জুঁই প্রকাশ’-এর ১২তম সাহিত্য আড্ডায় তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় বৃহত্তর সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আসা কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী ও সাহিত্যপ্রেমীদের পাশাপাশি অহিদাবাদ চা-বাগানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সাহিত্যচর্চার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সুহেনা আক্তার প্রিন্সেস হেনার সক্রিয় ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে বক্তারা বলেন, তাঁর লেখনী ও সামাজিক কর্মকাণ্ড নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করবে। জুঁই প্রকাশের এই ব্যতিক্রমী আয়োজনকে উপস্থিত সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ আন্তরিকভাবে সাধুবাদ জানান।
সম্মাননা লাভের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি সুহেনা আক্তার প্রিন্সেস হেনা বলেন, “এই সম্মাননা সাহিত্য ও মানবিক কর্মকাণ্ডের পথচলায় আমাকে নতুন অনুপ্রেরণা জোগাবে।” ভবিষ্যতেও সাহিত্য, সংস্কৃতি ও মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
