শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নে অপরিকল্পিত ও সমন্বয়হীন সড়ক সংস্কার কাজের মাশুল গুনতে হচ্ছে হাজার হাজার সাধারণ মানুষকে। বিকল্প কোনো যাতায়াত ব্যবস্থা না রেখে কাজ শুরু করায় স্থবির হয়ে পড়েছে ওই এলাকার জনজীবন। এর মধ্যে রোববার (৩০ আগস্ট) সকাল ১০ টা ছয় মিনিটের দিকে এক মুমূর্ষু গর্ভবতী নারীকে কোলে তুলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও ভাঙাচোরা সড়ক পার করে হাসপাতালে নিয়ে যাওয়ার একটি ঘটনা স্থানীয়দের ক্ষোভকে চরম পর্যায়ে নিয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার আশিদ্রোন ইউনিয়নের কালিঘাট-হোসনাবাদ সড়কে কোনো ধরনের পূর্বপ্রস্তুতি ও বিকল্প পথ ছাড়াই শুরু হয়েছে সংস্কার কাজ। ফলে এই সড়কের ওপর নির্ভরশীল একাধিক চা-বাগানের হাজার হাজার শ্রমিক ও সাধারণ মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। সড়ক বন্ধ থাকায় দৈনন্দিন যাতায়াত তো বটেই, বিশেষ করে সন্ধ্যার পর যাতায়াত একেবারে অসম্ভব হয়ে পড়ে।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দেয় জরুরি চিকিৎসা সেবার ক্ষেত্রে। বিকল্প পথ না থাকায় অসুস্থ রোগী এবং প্রসূতি নারীদের হাসপাতালে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে। রোববার জরুরি চিকিৎসার প্রয়োজনে এক গর্ভবতী মাকে স্বজনরা কোলে তুলে অত্যন্ত বিপজ্জনকভাবে কাদামাটি ও খানাখন্দে ভরা সড়ক পার করার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্থানীয় বাসিন্দা শাহীন টি হাউজের স্বত্বাধিকারী শাহিন আহমেদ নামের এক নেটিজেন দৃশ্যটি ভিডিও করে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং কর্তৃপক্ষের অপরিকল্পিত কর্মপদ্ধতি নিয়ে নেটিজেনদের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনের দাবির পর সড়ক সংস্কার কাজ শুরু হওয়ায় তাঁরা আশাবাদী ছিলেন, কিন্তু ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন দায়িত্বজ্ঞানহীন সমন্বয়হীনতায় শুভ উদ্যোগই এখন অভিশাপে রূপ নিয়েছে। কোনো জরুরি চিকিৎসাবহনকারী যানবাহন এমনকি অ্যাম্বুলেন্স প্রবেশের সুযোগ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের হাসপাতালে পৌঁছাতে হচ্ছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুর রকিবের সাথে যোগাযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি।
এদিকে ভুক্তভোগী চা- বাগানবাসী ও স্থানীয় বাসিন্দারা অবিলম্বে দুর্ভোগ নিরসনে সাময়িক বিকল্প চলাচলের পথ (ডাইভারশন) তৈরি এবং দ্রততম সময়ের মধ্যে টেকসই সংস্কার কাজ সম্পন্ন করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
