কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে ৫ লক্ষ ২০ হাজার ৮০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট ও টায়ারসহ মো: ইসলাম উদ্দিন (২৬) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৫ জুলাই সড়কের বাজারের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইসলাম উদ্দিন কানাইঘাটের উজান বারাপৈত গ্রামের মৃত মাসুক উদ্দিনের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে মোট ৬৮,৪০০ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের (প্যাট্রন, ওরিস, মন্ড) ভারতীয় সিগারেট ও ২০টি এমআরএফ থ্রি-হুইলার টায়ার উদ্ধার করা হয়।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, “মাদক ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের অবস্থান সর্বদা কঠোর। কানাইঘাটকে চোরাচালানমুক্ত করতে থানা পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, ধৃত আসামির বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের (মামলা নং-১১) করে আজ (১৬ জুলাই) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত করছেন এসআই মো: আমিনুল ইসলাম।
