আনোয়ার হোসেন রনি,ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ এবং প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সফিকুল আলম মতিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে এসব অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষক ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের সহকারী অধ্যাপক ও স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক রতিলাল রায়।
লিখিত বক্তব্যে তিনি জানান, গত ৩ আগস্ট স্টাফ কাউন্সিলের এক জরুরি সভায় ফেসবুকে প্রকাশিত অপপ্রচারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সর্বসম্মতিক্রমে শিক্ষকরা এসব অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার সিদ্ধান্ত নেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন ধরে সুনাম কুড়িয়ে আসা এই প্রাচীন বিদ্যাপীঠটির পরিবেশ ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল সক্রিয় রয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ সফিকুল আলম মতি বিগত ৩০ বছর ধরে অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁর ব্যক্তিগত সুনাম ও কলেজের ভাবমূর্তি নষ্ট করতেই একটি চক্র ধারাবাহিকভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছে।
বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যমের গুজবে কান না দেওয়ার জন্য শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি মূল অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে উপাধ্যক্ষ মোহাম্মদ তৈমুছ আলী, সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, কৃপাসিন্ধু দাস, নিখিল রঞ্জন দাস, সনজিৎ নারায়ণ চৌধুরী, আকবর আলী, তপন কুমার দে এবং প্রভাষক আমিন উদ্দিনসহ শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
