নড়াইল প্রতিনিধি: গাইবান্ধায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১১টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের বকুল চত্বর থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বকুল চত্বরে এসে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ওয়াকিউজ্জামান অভি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল জেলা শাখার সেক্রেটারি তাজ মোহাম্মদ।
এসময় আরও বক্তব্য দেন জেলা শাখার অফিস সম্পাদক মো. রোমান শেখ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. তানভীর শিকদার, অর্থ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মো. নাঈমুল ইসলাম, কলেজ শাখার সেক্রেটারি মো. আমির হামজা, সদর পূর্ব থানা সেক্রেটারি মো. ফাহিম শেখ এবং কালিয়া পশ্চিম থানা সেক্রেটারি মো. আসাদুল্লাহ গালিব।
বক্তারা তাদের বক্তব্যে গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভ কর্মসূচিতে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীদের পাশাপাশি জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
