সালেহ আহমদ (স’লিপক): সমকালীন বাংলা কবিতার অন্যতম গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর কবি পিয়াস মজিদকে নিয়ে যুক্তরাজ্যের বার্মিংহামে এক প্রাণবন্ত সাহিত্য আড্ডা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী নার্গিস আসার খানমের কবর খুঁজে বের করে তা যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
গত বুধবার (১৫ জুলাই) রাতে স্মলহীথের এমটি ক্যাটারিং মিলনায়তনে মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, ইউকের উদ্যোগে এই আড্ডার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি, ছড়াকার ও সম্পাদক সৈয়দ নাসির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সহকারী পরিচালক কবি পিয়াস মজিদ।
মিডল্যান্ডস সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক, কবি ও গবেষক সৈয়দ মাসুমের সঞ্চালনায় আড্ডায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন সাপ্তাহিক সুরমা–এর সাবেক সম্পাদক কবি আহমদ ময়েজ, চলচ্চিত্রকার মকবুল চৌধুরী এবং বাংলা ভয়েস–এর সম্পাদক মোহাম্মদ মারুফ।
প্রধান অতিথির বক্তব্যে কবি পিয়াস মজিদ নিজের কবিতা পাঠের পাশাপাশি সমকালীন বাংলা কবিতা, সাহিত্য ও সংস্কৃতির নানা দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “কবিতার অন্যতম প্রধান দায়িত্ব সময়কে ধারণ করা। প্রতিটি যুগের কবিতা সেই সময়ের সমাজ, মানুষ ও জীবনবোধের প্রতিচ্ছবি হয়ে ওঠে।”
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে তিনি আরও উল্লেখ করেন, কবি নজরুলের প্রথম স্ত্রী নার্গিস আসার খানমের কবর যুক্তরাজ্যেই রয়েছে। বিষয়টি নিবিড় গবেষণার মাধ্যমে নিশ্চিত করে কবরটি খুঁজে বের করা এবং তা যথাযথভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া উচিত। এটি কেবল নজরুল গবেষণার জন্যই নয়, বরং সামগ্রিক বাংলা সাহিত্য ও ইতিহাস সংরক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সাপ্তাহিক সুরমা–এর সাবেক সম্পাদক কবি আহমদ ময়েজ তাঁর বক্তব্যে বলেন, পিয়াস মজিদ সমকালীন বাংলা কবিতার এক স্বতন্ত্র ও শক্তিশালী কণ্ঠস্বর। তাঁর কবিতায় ভাষার নান্দনিকতা, চিন্তার গভীরতা এবং সময়ের স্পন্দন অনন্যভাবে ফুটে ওঠে। প্রবাসের মাটিতে তাঁকে নিয়ে এমন আয়োজন বাংলা ভাষা ও সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কবি মাহবুব মোহাম্মদ, সাহিত্যিক নোমান আল মনসুর, কবির উদ্দিন, সাংবাদিক সোহেল আহমদ চৌধুরী, কবি এবাদুল ইসলাম, বার্মিংহাম মিডল্যান্ড প্রেসক্লাবের সভাপতি জিয়া তালুকদার, এটিএন বাংলার প্রতিনিধি বদরুল আলম, সাংবাদিক রিয়াদ রায়হান, কবি জামান কয়েস, কবি সৈয়দ ফরহাদ, শমসেদ চৌধুরী, মাজেদুল হক চৌধুরী মিন্টু, সৈয়দ শহিদ আলী, সৈয়দ জাবিরসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কবিতা পাঠ, সাহিত্য আলোচনা ও প্রাণবন্ত মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়। সমাপনী বক্তব্যে বক্তারা প্রবাসে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে এই ধরনের আয়োজন নিয়মিত বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
