মৌলভীবাজার প্রতিনিধি: ব্রাজিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী মৌলভীবাজার সদর উপজেলার ১০ নম্বর নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল (খানবাড়ি) গ্রামের বাসিন্দা ও সমাজসেবক আলমগীর খানের মরদেহ দেশে পৌঁছেছে। রোববার (২১ জুন) ভোরে তার মরদেহ নিজ বাড়িতে আনা হলে স্থানীয়দের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়।
মরহুমের আত্মীয় ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজারের সভাপতি মো. হাবিবুর রহমান লুবন তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ব্রাজিলের সাও পাওলো অঙ্গরাজ্যের জাউ শহরের Santa Casa de Jahu Hospital-এ চিকিৎসাধীন ছিলেন আলমগীর খান। গত ১২ জুন ২০২৬ তারিখে স্থানীয় সময় রাত ১০টা ৫৬ মিনিটে তিনি সেখানে মৃত্যুবরণ করেন।
আলমগীর খান ছিলেন প্রয়াত মছব্বির খানের পুত্র এবং ছিকরাইল সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাকালীন সভাপতি। তিনি একজন ব্যবসায়ী হওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে নাজিরাবাদ ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরদেহ দেশে পৌঁছার পর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসী তাকে শেষবারের মতো দেখতে তার বাড়িতে ভিড় করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ আজ রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ছিকরাইল খানবাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র সন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
