শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আলিসার কুল (বরপাড়া) এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে আনুমানিক ৮ হাজার ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন এবং প্রায় ১ হাজার ফুট পাইপ জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় শ্রীমঙ্গল থানা পুলিশ দায়িত্ব পালন করে।
অভিযানকালে ঘটনাস্থলে অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ৮ হাজার ঘনফুট বালু, একটি এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন, বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন এবং প্রায় ১ হাজার ফুট পাইপ উদ্ধার করা হয়।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে কোনো অভিযুক্তকে পাওয়া না যাওয়ায় মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী অবৈধভাবে উত্তোলিত বালু, এক্সক্যাভেটর (ভ্যাকু) মেশিন ও বালু উত্তোলনের মেশিন জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া জনস্বার্থে স্থানীয় জনগণের সহযোগিতায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত প্রায় ১ হাজার ফুট পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে বিনষ্ট করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত বালু ও অন্যান্য মালামাল বিধি মোতাবেক নিলাম বা নিষ্পত্তি করা হবে। পাশাপাশি জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে, নাম প্রকাশ না করার শর্তে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, আলিসার কুল (বরপাড়া) এলাকায় অভিযান পরিচালিত হলেও একই ইউনিয়নের আরও কয়েকটি স্থানে এখনও অবৈধভাবে বালু উত্তোলন চলছে। তাদের দাবি, শুধু একটি স্পটে নয়, ইউনিয়নের সব অবৈধ বালু উত্তোলনস্থলে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হলে অবৈধ বালু উত্তোলন অনেকাংশে বন্ধ হবে। পাশাপাশি এ বিষয়ে প্রশাসনের বিরুদ্ধে স্থানীয়দের মধ্যে যে অভিযোগ ও অসন্তোষ রয়েছে, তাও অনেকাংশে দূর হবে বলে তারা মনে করেন।
