ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকায় নদীপথে চলাচলকারী বাল্কহেড ও কার্গোজাহাজ থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে নৌ পুলিশ ও গোয়াইনঘাট থানা পুলিশ।
শুক্রবার (১৯ জুন) সকালে সালুটিকর ইউনিয়নের রানীগঞ্জ গ্রামসংলগ্ন সালুটিকর ব্রিজের নিচে সারি–গোয়াইন (চেঙ্গেরখাল) নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম মামুন মিয়া (৪২)। তিনি সিলেট বিমানবন্দর থানার নয়াটিলা গ্রামের মৃত সুনু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খাদিমনগর ইউনিয়ন ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের নাম ব্যবহার করে একটি চক্র নদীপথে চলাচলকারী বিভিন্ন বাল্কহেড ও কার্গোজাহাজ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করছে।
খবর পাওয়ার পরপরই গোয়াইনঘাট থানার একটি চৌকস পুলিশ দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। স্থানীয় জনসাধারণের সহযোগিতায় সালুটিকর ব্রিজসংলগ্ন নদী এলাকায় চাঁদা আদায়ের সময় মামুন মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় তার হেফাজত থেকে চাঁদাবাজির নগদ ২ হাজার ২২০ টাকা, চাঁদা আদায়ের কাজে ব্যবহৃত দুটি রসিদ বই এবং একটি নৌকা জব্দ করা হয় বলে জানিয়েছে নৌ পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নদীপথে চলাচলকারী নৌযান থেকে বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন ধরে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ ছিল। সাম্প্রতিক সময়ে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় বিষয়টি নিয়ে প্রশাসন বিশেষ নজরদারি চালাচ্ছিল।
ছাতক নৌ পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীপথে চাঁদাবাজি, অবৈধ অর্থ আদায়সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এ অভিযানকে স্বাগত জানিয়ে নদীপথে নিরাপদ ও নির্বিঘ্ন নৌযান চলাচল নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
