পারভেজ হাসান, শ্রীমঙ্গল থেকে: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে সিলেট বিভাগের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা।
বুধবার (১০ জুন) সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ভারসাম্য দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মো. আমিনুল ইসলাম সৌরভ।
জানা যায়, প্রথমে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়ে সৌরভ প্রথম স্থান অর্জন করে উপজেলা পর্যায়ে উন্নীত হয়। পরবর্তীতে উপজেলা ও জেলা পর্যায়েও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। মৌলভীবাজার জেলার ৮৩টি ইউনিয়নের প্রতিযোগীদের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জনের পর বিভাগীয় পর্যায়েও সে প্রথম স্থান অধিকার করে।
আগামী রবিবার (১৫ জুন) ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে সৌরভ। বিষয়টি নিশ্চিত করেছেন তার মেন্টর ও শিক্ষক পাবেল মাহমুদ। তিনি বলেন, “সৌরভ অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী একজন শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও সে সমান দক্ষ। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
সৌরভের এ সাফল্যে এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তাকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে প্রতিবেশীরা তার বাড়িতে ভিড় জমাচ্ছেন।
