শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া এলাকায় তেলবাহী একটি ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। শুক্রবার (২৯ মে) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার কাজ দ্রুত এগিয়ে চলছে এবং খুব বেশি সময় লাগবে না বলে আশা করা হচ্ছে।
রেলওয়ে সূত্র জানায়, লাউয়াছড়া রেলসেকশনের ভিতরে একটি তেলবাহী মালবাহী ট্রেনের ওয়াগনের বগি হঠাৎ লাইনচ্যুত হলে সিলেট-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এর ফলে বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে।
অপরদিকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস সাতগাঁও স্টেশনে অপেক্ষমাণ রয়েছে বলে জানা গেছে।
খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। লাইনচ্যুত বগি সরিয়ে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে।
