নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা পুলিশে একযোগে বড় ধরনের রদবদল করা হয়েছে। জেলার তিনটি গুরুত্বপূর্ণ থানা—কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের ওসি এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসিসহ মোট ৭ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) মৌলভীবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ অনুযায়ী, কুলাউড়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মাহমুদ মোস্তফাকে জেলা অপরাধ শাখায় বদলি করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ওসি এস কে জহিরুল ইসলাম মুন্নাকে কুলাউড়া থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি মো. আব্দুছ ছালেককে সদর সার্কেলের পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশ লাইন্সের পরিদর্শক মো. কমর উদ্দিন।
এদিকে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদারকে শ্রীমঙ্গল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া দিলীপ কান্তি নাথকে জেলা পুলিশ অফিসের প্রশাসন শাখায় এবং মো. আব্দুল মালিক, পিপিএম-কে জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
জেলা পুলিশের সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও জনস্বার্থে এ রদবদল করা হয়েছে।
