নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বদলিজনিত কারণে দায়িত্ব ছাড়ার প্রাক্কালে শ্রীমঙ্গলবাসীর উদ্দেশে এক হৃদয়ছোঁয়া বিদায়ী বার্তা দিয়েছেন।
সোমবার (২ জুন) দেওয়া ওই বার্তায় তিনি বলেন, জীবনের কিছু মুহূর্ত স্মৃতির পাতায় গভীর দাগ কেটে যায়, আর শ্রীমঙ্গলে দায়িত্ব পালনকাল তার কর্মজীবনের তেমনই এক অবিস্মরণীয় অধ্যায়।
তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের ৮ ডিসেম্বর নির্বাচন-পূর্ব এক কঠিন ও অস্বাভাবিক পরিস্থিতিতে তিনি শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সে সময় দায়িত্বের পাশাপাশি নানা চ্যালেঞ্জ ও জনগণের প্রত্যাশা পূরণের কঠিন অঙ্গীকার ছিল তার সামনে।
ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি উপলব্ধি করেন যে তিনি একা নন; শ্রীমঙ্গলবাসী তাকে নিজেদের একজন হিসেবে গ্রহণ করেছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধী সমাজ, সাংবাদিক এবং থানার পুলিশ সদস্যদের সহযোগিতা ও ভালোবাসাই তাকে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করেছে।
তিনি বলেন, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবা করার চেষ্টা করেছেন। দায়িত্ব পালনের সময়ে যদি কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হয়ে থাকে, তবে তার কৃতিত্ব শ্রীমঙ্গলবাসী ও সহকর্মীদের।
বিদায়ী বার্তায় তিনি আরও বলেন, সরকারি সিদ্ধান্তে তিনি এখন মৌলভীবাজারের কুলাউড়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করতে যাচ্ছেন। শ্রীমঙ্গলের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা, সম্মান ও মানবিকতা তার কর্মজীবনের অমূল্য সম্পদ হয়ে থাকবে।
এ সময় তিনি দায়িত্ব পালনকালে কোনো অনিচ্ছাকৃত ভুল, আচরণগত ত্রুটি বা সিদ্ধান্তের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
সবশেষে তিনি শ্রীমঙ্গলবাসীর শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে সকলের কাছে নিজের জন্য দোয়া চান, যাতে ভবিষ্যতেও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।
জহিরুল ইসলাম মুন্না বর্তমানে শ্রীমঙ্গল থানার দায়িত্ব ছেড়ে কুলাউড়া থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করছেন। তাঁর এই বিদায়ী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
