কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেট জেলা পুলিশের কার্যক্রম গতিশীল, গণমুখী রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় মে ২০২৬ মাসে সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম সেলিম।
বৃহস্পতিবার (৪ জুন) সিলেট পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক ওসি আমিনুল ইসলাম সেলিমের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা সনদ তুলে দেন।
প্রত্যয়নপত্রে উল্লেখ করা হয়, সিলেট জেলা পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করার পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে মে মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কৃত করা হয়েছে। সিলেট জেলার পুলিশ সুপার ড চৌধুরী মোহাম্মদ জাভের সাদেক এর হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন।
এ সম্মাননা প্রাপ্তিতে কানাইঘাট থানার পুলিশ সদস্য, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ওসি আমিনুল ইসলাম সেলিমকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
