মাধবপুর থেকে: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান পরিচালনা করে ৪১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ ও ৭২ কেজি ভারতীয় ফুসকা আটক করেছে। জব্দকৃত পণ্যের মোট সিজার মূল্য ১ লাখ ৪ হাজার ৭০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ৫ জুন ২০২৬ তারিখে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আখর বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। দুপুর আনুমানিক ৩টার দিকে পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৬১ হাজার ৫০০ টাকা।
অপরদিকে, ৫৫ বিজিবির আওতাধীন সিন্দুরখান বিওপির একটি টহলদল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিমাইলত এলাকায় মালিকবিহীন অবস্থায় ৭২ কেজি ভারতীয় ফুসকা আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৪৩ হাজার ২০০ টাকা।
বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় মদ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া আটককৃত ভারতীয় ফুসকা যথাযথ নিয়ম অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
