সালেহ আহমদ (স’লিপক): তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করা এবং কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে কাউন্সিলর ও সুধীজনদের নিয়ে এক উন্মুক্ত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ জুন) স্থানীয় সময় দুপুর ১টায় বৃটেনের ক্যামডেন টাউনের উডি চারকোল রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের সভাপতি সৈয়দ করিম (ছায়েম)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যামডেন কাউন্সিলর শাহ মিয়া। শুরুতেই ক্লাবের ক্ষুদে সদস্য ইয়াসিন ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেয়।
রায়হান রেহানের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফ.এন ফাউন্ডেশনের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ক্লাবের ফাউন্ডার সদস্য ও ক্যামডেনের সাবেক কাউন্সিলর রাহেল বক্স, ক্লাবের সহ-সভাপতি জরিফ আহমদ এবং মনজুর হোসাইন।
এ সময় ক্লাবের অন্যতম সদস্য সামির আহমদ, জাওয়াদ তাহমিদ সামিসহ ক্লাবের দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে ক্লাবের সভাপতি সৈয়দ করিম (ছায়েম) আমন্ত্রিত অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি তরুণদের মাঝে ক্রিকেট ও ব্যাডমিন্টন খেলার প্রসার, খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধি, স্বাস্থ্য ও মানসিক বিকাশ এবং খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ক্যামডেন কাউন্সিলর শাহ মিয়া ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের ভূয়সী প্রশংসা করে বলেন, “ক্যামডেন টাইগার্স ক্রিকেট ও ব্যাডমিন্টনের পাশাপাশি শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করতে যে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে, তা সত্যিই অনুকরণীয়। এ ধরনের আয়োজন তরুণদের মাঠবিমুখতা দূর করে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং একটি সুস্থ ও প্রাণবন্ত কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বক্তারা ক্লাবের এই অগ্রযাত্রাকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতে তরুণদের দক্ষ, আত্মবিশ্বাসী ও সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
পরিশেষে একটি সুস্থ, সচেতন ও সংযুক্ত কমিউনিটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
