শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্বে) টিটন খীসা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। গত ১০ মে ২০২৬ তারিখে জারি করা আদেশে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারার আওতায় এ অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত অ্যাডহক কমিটির সভাপতি করা হয়েছে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও)। কমিটির সদস্য হিসেবে রয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
এছাড়া স্থানীয় ক্রীড়াবিদ মীর মো. কালাম আহমেদকে সদস্য এবং স্থানীয় ক্রীড়া সংগঠক মো. মোবারক হাসানকে সদস্য-সচিব করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, অনুমোদিত অ্যাডহক কমিটি স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে এ কমিটি গঠন করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
