আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টাকালে বিজিবির ছোড়া গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছেন।
শুক্রবার (১৩ জুন) রাত ১০টার দিকে বড়লেখা সীমান্তে এ ঘটনা ঘটে। তবে আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ৫২ বিজিবির একটি টহল দল বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হন। পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, “ঘটনার বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।”
